ইবিটাইমস ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। বৈঠকে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, রোহিঙ্গা প্রত্যাবাসন, মানবাধিকার, সংবিধান সংশোধন ও জুলাই সনদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকেই বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সংসদীয় গণতন্ত্রের বিকাশেও নরওয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে এবং দেশে নতুন করে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে।

স্পিকার আরও বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে নরওয়েসহ ইউরোপের অন্যান্য দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জবাবে নরওয়ের রাষ্ট্রদূত বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকা প্রশংসনীয়। নরওয়ে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশ এবং মানবাধিকার সুরক্ষায় সহযোগিতা দিতে প্রস্তুত।
বৈঠকে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার নিয়েও মতবিনিময় হয়। এ ছাড়া চলমান সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম ও জুলাই সনদ নিয়ে আলোচনা করেন তাঁরা।
এ সময় স্পিকার বাংলাদেশের সমুদ্র উপকূলীয় অঞ্চল, বিশেষ করে ভোলায় তেল ও গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে নরওয়ের কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান।
বৈঠকে নরওয়ের দূতাবাসের প্রতিনিধি, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস











