শফিকুজ্জামান খান মোস্তাফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ২৩ বছর।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকায় মহাসড়কের ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁর ধারণা, রোববার সন্ধ্যার পর থেকে সোমবার সকাল ৭টার মধ্যে অন্য কোনো স্থান থেকে মরদেহটি এখানে ফেলে রেখে যাওয়া হয়েছে।
ওসি আরও জানান, নারীর নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। শরীরের বিভিন্ন স্থানে কাটার দাগ এবং পায়ে ফোসকা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর মরদেহটি মহাসড়কের পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মরদেহের কোনো দাবিদার পাওয়া না গেলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করবে বলেও জানান ওসি।
ঢাকা/এসএস




















