শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশন উপজেলার তেঁতুলিয়া নদীর বিস্তীর্ণ বালুচরে বিদেশি জাতের সাম্মাম (হানিডিউ) তরমুজ চাষ করে প্রথমবারেই সাফল্য পেয়েছেন কৃষক নুরু মোল্লা। ৪০ শতাংশ জমিতে সাম্মাম চাষ করে প্রায় ৩ হাজার ৪৪৮ কেজি ফল উৎপাদন করেছেন তিনি। এতে তাঁর খরচ হয়েছে ৫০ হাজার টাকা। উৎপাদিত ফল বিক্রি করেছেন প্রায় ২ লাখ টাকায়। খরচ বাদ দিয়ে তাঁর নিট লাভ হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
চলতি মৌসুমে চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরু মোল্লা উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও প্রযুক্তিগত প্রশিক্ষণ নিয়ে প্রথমবারের মতো সাম্মাম চাষে উদ্যোগী হন। তেঁতুলিয়া নদীর বুকে জেগে ওঠা মুজিবনগর চরের ৪০ শতাংশ জমিতে বেলে-দোআঁশ মাটিতে মাচা পদ্ধতি ও মালচিং প্রযুক্তি ব্যবহার করে তিনি এ ফলের আবাদ করেন।

কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যা, পানি ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহারের ফলে জমিতে ভালো ফলন পান তিনি। উৎপাদিত সাম্মাম ঢাকার পাইকারি ব্যবসায়ীরা সরাসরি ক্ষেত থেকে প্রতি কেজি ৫৮ টাকা দরে কিনে নেন।
কৃষক নুরু মোল্লা বলেন, উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও প্রযুক্তিগত প্রশিক্ষণ কাজে লাগিয়ে প্রথমবারের মতো সাম্মাম চাষ করেছি। কৃষি বিভাগের কর্মকর্তারা চাষের বিভিন্ন পর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন। বেলে-দোআঁশ মাটি, মাচা পদ্ধতি এবং মালচিং প্রযুক্তি ব্যবহার করে ভালো ফলন পেয়েছি।
তিনি আরও বলেন, চরাঞ্চলের জমিতে প্রচলিত ফসলের পাশাপাশি বিদেশি জাতের ফল চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বাজারে যেসব বিদেশি ফলের চাহিদা বেশি, সেগুলো চাষে কৃষকদের আরও উৎসাহিত করা প্রয়োজন। কৃষি বিভাগের প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ অব্যাহত থাকলে চরফ্যাশনের বিভিন্ন এলাকায় সাম্মামসহ সুস্বাদু বিদেশি ফলের চাষ বাড়বে। একসময় এসব ফল দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।
সাম্মাম মূলত বেলে-দোআঁশ মাটিতে ভালো জন্মে। এ ফল চাষে মাচা তৈরি করতে হয়। পাশাপাশি গাছের গোড়ার মাটি বিশেষ ধরনের পলিথিন দিয়ে ঢেকে রাখার পদ্ধতি ব্যবহার করা হয়, যা মালচিং নামে পরিচিত। এতে মাটির আর্দ্রতা ধরে রাখা এবং আগাছা নিয়ন্ত্রণ করা সহজ হয়। সঠিক পরিচর্যা, পানি ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা গেলে এ ফলের ভালো উৎপাদন পাওয়া সম্ভব।
স্থানীয়ভাবে হানিডিউ তরমুজ নামে পরিচিত সাম্মাম দেখতে বেশ আকর্ষণীয়। ফলটির বাইরের আবরণ হলুদাভ এবং ভেতরের শাঁসও হলুদ। মিষ্টি স্বাদ ও ভিন্ন বৈশিষ্ট্যের কারণে দেশের বাজারে এ ফলের চাহিদা বাড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে মুজিবনগর চরাঞ্চলে কয়েকজন কৃষক সাম্মাম চাষের চেষ্টা করলেও আশানুরূপ ফলন পাননি। তবে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ ও পরামর্শ কাজে লাগিয়ে প্রথমবারেই ভালো ফলন পেয়েছেন নুরু মোল্লা। তাঁর এ সাফল্য স্থানীয় কৃষকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে।
ভোলা জেলা কৃষি গবেষক আবদুল গফুর খান বলেন, তেঁতুলিয়া নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচর দীর্ঘদিন ধরেই কৃষির সম্ভাবনাময় এলাকা। প্রচলিত ফসলের পাশাপাশি সাম্মামের মতো উচ্চমূল্যের বিদেশি ফল চাষের মাধ্যমে এসব চরাঞ্চলের জমিকে আরও উৎপাদনমুখী করা সম্ভব। নুরু মোল্লার প্রথমবারের এ সাফল্য তেঁতুলিয়ার বালুচরে কৃষির নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।
চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, চরফ্যাশনের মাটি ও আবহাওয়া বিবেচনায় উপযোগী ফসল নির্বাচন করে কৃষকদের নতুন নতুন জাতের ফল চাষে উৎসাহিত করা হচ্ছে। সাম্মামের মতো বিদেশি ফল চাষে আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ, প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহার করে পরিকল্পিতভাবে এসব ফলের চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হবে। ভবিষ্যতে উৎপাদনের মান ও বাজারজাতকরণ ব্যবস্থা উন্নত করা সম্ভব হলে এসব ফল রপ্তানির সুযোগও তৈরি হতে পারে।
তেঁতুলিয়ার বালুচরে নুরু মোল্লার এই সাফল্য প্রমাণ করছে, আধুনিক কৃষিপ্রযুক্তি ও যথাযথ প্রশিক্ষণ কাজে লাগাতে পারলে অনাবাদি চরাঞ্চলও হয়ে উঠতে পারে কৃষকের আয়ের নতুন উৎস।




















