ইবিটাইমস ডেস্ক : ইউক্রেন যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে লিবিয়ার উপকূলে দুটি জাহাজে ড্রোন হামলার ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। হামলার শিকার জাহাজ দুটির একটি রাশিয়ার।
রোববার বন্দরনগরী বেনগাজির উপকূলে জাহাজ দুটিতে হামলা হয়। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই হামলার দায় স্বীকার করেনি। এদিকে, ইউক্রেনের সেনারা যুদ্ধের সম্মুখসারির বাইরেও রাশিয়ার বিভিন্ন স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।

লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে অবিলম্বে, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাতিসংঘ মিশন বলেছে, ‘লিবিয়া বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হওয়ার মতো অবস্থায় নেই, আর দেশটিকে কোনোভাবেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়া উচিত নয়।’
কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় রাশিয়ার একটি জাহাজ এবং অন্য একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্বিতীয় জাহাজটি কোন দেশের, তা প্রাথমিকভাবে জানানো হয়নি। হামলার পর জাহাজ দুটির সব নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন।
প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় জাহাজটি মাল্টার পতাকা বহন করছিল।
পরে লিবিয়ার আল-হাদাথ টেলিভিশন জানায়, বেনগাজির উপকূলে নৌবাহিনী ও বিমানবাহিনীর ইউনিটগুলো বিস্ফোরকবোঝাই ১২টির বেশি সামুদ্রিক ড্রোন প্রতিহত করেছে।

এর আগে শনিবার বাল্টিক সাগরের পূর্বাঞ্চলে ফিনল্যান্ডের জলসীমার কাছাকাছি রাশিয়ার একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা হয়। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী বলেছে, ওই হামলা ইউক্রেন চালিয়েছে।
রোববারের হামলার জন্য কারা দায়ী, তা জানায়নি লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন। তবে তারা স্পষ্ট করে বলেছে, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে লিবিয়া কোনো পক্ষ নয়।’
এদিকে, সোমবার ইউক্রেন জানিয়েছে, দেশটির কিয়েভ অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আবাসিক ভবন ও সুপারমার্কেটে হামলার শিকার ব্যক্তিরাও রয়েছেন।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে চলমান এ যুদ্ধে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।
‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহর
এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, লিবিয়ার একটি নৌঘাঁটির গোলাবারুদের গুদামে আগুন লেগেছে। তবে পরে দেশটির পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানায়, বন্দরে নোঙর করে থাকা রাশিয়ার একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, ‘ধারণা করা হচ্ছে, জাহাজটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, জাহাজটি রাশিয়ায় ফিরে যাচ্ছিল। পথে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য সেটি বন্দরে থেমেছিল।
লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, এ ঘটনার তদন্তে রাশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করবে তারা।
অন্যদিকে, রাজধানী ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ-স্বীকৃত সরকার এক বিবৃতিতে বলেছে, বাইরের সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকাণ্ডে বেসামরিক বন্দর ও স্থাপনাকে জড়িয়ে ফেলার ঝুঁকি নিয়ে তারা উদ্বিগ্ন।
এর আগে গত মার্চে লিবিয়ার উপকূলে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) একটি জাহাজ ডুবে যায়। হামলার কারণে জাহাজটি ডুবেছে বলে দাবি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনার জন্য তিনি ইউক্রেনকে দায়ী করেন।
জাহাজটি রাশিয়ার কথিত ‘শ্যাডো ফ্লিট’ বা গোপন নৌবহরের অংশ ছিল। এই বহরের ট্যাংকারগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে রাশিয়ার তেল ও গ্যাস পরিবহন করে।
ইউক্রেন বিভিন্ন সময়ে রাশিয়ার এই গোপন নৌবহরের জাহাজে হামলার কথা স্বীকার করেছে। গত বছরের ডিসেম্বরে ভূমধ্যসাগরেও এ ধরনের হামলা চালানোর কথা জানায় কিয়েভ।
ত্রিপোলিভিত্তিক সরকার বলেছে, লিবিয়াকে আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র হিসেবে ব্যবহার করার যেকোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে—এমন সামরিক বা রসদ সরবরাহসংক্রান্ত কর্মকাণ্ডে লিবিয়ার ভূখণ্ড ব্যবহারেরও বিরোধিতা করে তারা।
২০১১ সালে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই সহিংসতা ও রাজনৈতিক অস্থিতিশীলতায় জর্জরিত লিবিয়া।
বর্তমানে দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত। একদিকে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দাবেইবার নেতৃত্বাধীন ত্রিপোলিভিত্তিক সরকার, অন্যদিকে সামরিক কমান্ডার খলিফা হাফতারের সমর্থনপুষ্ট পূর্বাঞ্চলীয় প্রতিদ্বন্দ্বী প্রশাসন।
রোববার দিনের শুরুতে আল-মাসার টেলিভিশন স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে জানায়, বিস্ফোরণের খবর পাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনতে একটি সামরিক স্থাপনায় উদ্ধার ও জরুরি সেবার দল মোতায়েন করা হয়েছে।
পরে আল-হাদাথ টেলিভিশন জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ঢাকা/এসএস




















