জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে বকেয়া বাসা ভাড়া চাওয়া ও বাসা ছেড়ে দেওয়ার কথা বলায় বাড়ির মালিককে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বড় ভাই ও ভাবির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী মুক্তা বেগম (৩৪)। শনিবার (২১ নভেম্বর) তিনি এ জিডি করেন।
ভুক্তভোগী মুক্তা বেগম লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মো. আবুল কাশেমের মেয়ে। অভিযুক্তরা হলেন তাঁর বড় ভাই মো. রাসেল (৪০) ও ভাবি মোসা. আরিয়া আক্তার সাথী (৩০)।
মুক্তা বেগমের অভিযোগ, তাঁর বাবা দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত। একমাত্র ভাই বাবা-মায়ের খোঁজখবর না রাখায় প্রায় নয় বছর ধরে বাবা-মাকে নিজের কাছে রেখে দেখাশোনা করছেন তিনি। বাবার ক্যানসার শনাক্ত হওয়ার পর চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হয়। এ চিকিৎসা ও ভরণপোষণের খরচ বহন করতে গিয়ে তাঁর স্বামী বিভিন্ন জায়গা থেকে ঋণ নেন।

মুক্তার দাবি, স্বামীর আর্থিক দুরবস্থার বিষয়টি বিবেচনা করে তাঁর বাবা সম্পত্তি থেকে প্রায় ১৭ শতাংশ জমি তাঁকে দলিল করে দেন। পরে ভাইয়ের অনুরোধে মানবিক কারণে সেখান থেকে চৌহদ্দিসহ পাঁচ শতাংশ জমি ভাইয়ের নামে দলিল করে দেন এবং জমি বুঝিয়ে দেন।
তিনি জানান, নিজের জমিতে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন তিনি। গত আগস্ট মাসে তাঁর ভাই রাসেল ওই বাড়ি ভাড়া নেন। কিন্তু ভাড়া নেওয়ার পর থেকে নিয়মিত ভাড়া পরিশোধ করছিলেন না। অক্টোবর মাস পর্যন্ত ভাড়া বকেয়া থাকায় তা পরিশোধ করে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বললে রাসেল ক্ষিপ্ত হয়ে তাঁকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি বলে দাবি তাঁর।
মুক্তা বেগম আরও অভিযোগ করেন, শনিবার (২১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে বকেয়া ভাড়া চাইতে এবং বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলতে গেলে রাসেল ও তাঁর স্ত্রী একসঙ্গে তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এতে তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একপর্যায়ে মাথা ঘুরে তিনি মাটিতে পড়ে যান। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যান।
মুক্তার ভাষ্য, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বমি হলে এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন। এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিজের নিরাপত্তা দাবি করেছেন তিনি।

অভিযোগের বিষয়ে মো. রাসেল বলেন, ‘ওটা আমার বাসা। আমার বাবা বিদেশে থাকা অবস্থায় আমি বাসা করেছি। আমার বাসায় আমি ভাড়া থাকব কেন? মুক্তা আমার বাবার কাছ থেকে সব সম্পত্তি হেবা দলিল করে নিয়ে গেছে। এরপর আমাকে পাঁচ শতাংশ জমি দলিল করে দিয়েছে। আমি সেখানে থাকি।’
মুক্তাকে মারধরের বিষয়ে রাসেল বলেন, ‘আমার স্ত্রীকে কেন্দ্র করে আমি তাকে একটি থাপ্পড় দিয়েছি। এ ছাড়া প্রাণনাশের হুমকিসহ বাকি অভিযোগ সঠিক নয়।’
এ বিষয়ে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর আমিন জানান, এ ঘটনায় লালমোহন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা/এসএস





















