জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক ব্যবসায়ীর দোকানে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম শাকিল বেপারীর বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবসায়ী আলমগীর মুন্সি ও তাঁর দুই ছেলে আহত হয়েছেন। গুরুতর আহত ছেলে নুরনবীকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গজারিয়া বাজারের স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলমগীর মুন্সি জানান, জেলা পরিষদের জায়গা ডিসিআরের মাধ্যমে বরাদ্দ নিয়ে প্রায় ৪০ বছর ধরে সেখানে দোকান পরিচালনা করছেন তিনি। স্থানীয়ভাবে ঘড়ির মেকার হিসেবে পরিচিত আলমগীরের দোকানটি পুরোনো হয়ে হেলে পড়ায় রোববার সকালে মেরামতের কাজ শুরু করেন। এ সময় ৭ নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন পূর্ব শাখা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বেপারীর নেতৃত্বে কয়েকজন সেখানে গিয়ে কাজ বন্ধ করতে বলেন। পরে দোকানের কাজ চালিয়ে যেতে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে বলে দাবি করেন তারা।
আলমগীরের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাকিলসহ উপস্থিত ব্যক্তিরা তাঁকে মারধর করেন। তাঁর চিৎকার শুনে দুই ছেলে নুরনবী ও মনির এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে নুরনবীকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকাতে গিয়ে বাম হাতে গুরুতর আঘাত পান।
তাঁর আরও অভিযোগ, এ সময় হামলাকারীরা তাঁর কাছে থাকা ৪০ হাজার টাকা ও দুটি স্মার্টফোন নিয়ে যায়। পাশাপাশি চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আলমগীর মুন্সি জানান, ঘটনার পর তাঁরা উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে দেখা করেন। পরে থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানালে চিকিৎসা নেওয়ার পর অভিযোগ করতে বলা হয়। হাসপাতালে নেওয়ার পর নুরনবীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয়। অন্যদিকে আলমগীর ও তাঁর ছেলে মনির প্রাথমিক চিকিৎসা নেন।
আলমগীরের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলেও আওয়ামী লীগে যোগ না দেওয়ায় শাকিল বেপারী তাঁকে মারধর করেছিলেন। ওই ঘটনায় তাঁর বাম পা ও মাজা ভেঙে যায়। এখনো শরীরে লোহার রড রয়েছে। এ ছাড়া তাঁর বাড়ি থেকে গাছ কেটে নেওয়া এবং পুকুরের মাছ লুটের অভিযোগও করেন তিনি। এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এ ব্যবসায়ী।
তবে অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম শাকিল বেপারী বলেন, দোকানটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। মূল বিরোধ সুরেশ চন্দ্রের সঙ্গে। রোববার তাঁদের মধ্যে কথাকাটাকাটি হয়েছে। তবে নুরনবীর হাত কাটার বিষয়টি তাঁদের বোধগম্য নয়। চাঁদা দাবি ও অন্যান্য অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/এসএস




















