বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
কর্মসূচি থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ, বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ প্রত্যাহার এবং ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বিক্ষোভে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শাহজাহান, নবম শ্রেণির শিক্ষার্থী মেহেরুন নেছা এবং দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া ও তিথি।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ খান প্রায় এক মাস আগে বিদ্যালয়ে যোগদানের পর বিভিন্ন অনিয়ম দূর করার উদ্যোগ নেন। এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষক তাঁকে বিদ্যালয় থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বলে তাঁদের দাবি। এ ছাড়া প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে বেনামে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়ম দূর করে শিক্ষার পরিবেশ উন্নত করার উদ্যোগকে বাধাগ্রস্ত করা কোনোভাবেই কাম্য নয়। প্রধান শিক্ষককে হেয়প্রতিপন্ন করতে ষড়যন্ত্র কিংবা মানহানিকর মন্তব্য করা হয়ে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে।
তাঁরা আরও দাবি করেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ প্রত্যাহার করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এসব দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
ঢাকা/এসএস





















