বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কর্মসূচির আওতায় ‘কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতা প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচিতে আবেদনকারী ১৩৫ জনের মধ্য থেকে ৮০ জনকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হচ্ছে। প্রশিক্ষণের সব কার্যক্রম বিনামূল্যে পরিচালিত হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল হুদা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান, শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা খান জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারবেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাঁরা আরও বলেন, বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ কাজে লাগিয়ে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজেদের কর্মজীবনে প্রয়োগ করতে পারবেন। এর মাধ্যমে জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণ কর্মসূচি স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সহায়ক হবে।
ঢাকা/এসএস





















