জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইসলামিক ফাউন্ডেশন, লালমোহনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে শিক্ষার্থীরা মোট ৬০টি পুরস্কার লাভ করে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, ভোলার উপপরিচালক এম. মাকসুদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. নুরনবী।
আয়োজনে সার্বিক সহযোগিতা করেন মডেল কেয়ারটেকার রফিকুল ইসলাম, বিন ইয়ামিন এবং সাধারণ কেয়ারটেকার আরিফুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২০টি ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লালমোহন গার্লস স্কুল, লালমোহন কামিল মাদ্রাসা, ইসলামিক মডেল মাদরাসা, লালমোহন মডেল একাডেমি, শাহবাজপুর রেসিডেনসিয়াল মডেল মাদরাসা, দারুস সালাম সিদ্দিকিয়া একাডেমি, গজারিয়া দারুল কুরআন একাডেমি, পশ্চিম চর উমেদ দাখিল মাদরাসা ও রায়চাঁদ রেসিডেনসিয়াল মডেল মাদরাসা। এ ছাড়া কয়েকটি নুরানি মাদরাসার শিক্ষার্থীরাও প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের সৃজনশীলতা, সাংস্কৃতিক চর্চা ও সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণে উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
সমাপনী বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র ফিল্ড সুপারভাইজার মো. নুরনবী বলেন, তিনি চাকরিজীবনের ৩০ বছর ধরে এ ধরনের প্রতিযোগিতার সঙ্গে যুক্ত রয়েছেন। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে তাদের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য চেষ্টা করতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিশু-কিশোরদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ঢাকা/এসএস




















