জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে লালমোহন করিমুন্নেসা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। এ সময় কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপুসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, সাম্যবাদী চেতনা, মানবতাবাদ এবং অসাম্প্রদায়িক আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বাংলা সাহিত্য ও সংগীতে কাজী নজরুল ইসলামের অবদান অসামান্য। তাঁর সৃষ্টিকর্ম অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে সাম্য, মানবতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।
বক্তারা আরও বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। তাঁর বিদ্রোহী চেতনা, মানবিক মূল্যবোধ এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আদর্শ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে নজরুলের সাহিত্য ও সংগীতভিত্তিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম সম্পর্কে আগ্রহ বাড়বে এবং তাঁর অসাম্প্রদায়িক ও মানবতাবাদী আদর্শ নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে পড়বে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।
ঢাকা/এসএস





















