জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে মা, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা এবং আচরণগত পরিবর্তনের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সিফাত বিন সাদেক।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোহাম্মদ তালহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, ইউনিসেফের এমএনসিএইচ (MNCH) কর্মকর্তা, সুশীলনের ভোলা জেলা প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ সজীব রহমান এবং লালমোহন উপজেলার প্রজেক্ট অফিসার সারা লিসা খান। এছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাবেয়া বেগম এবং নারী ও শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় বক্তারা মা ও শিশুর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কিশোর-কিশোরীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক আচরণগত পরিবর্তনের মাধ্যমে সমাজ গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।




















