ইবিটাইমস ডেস্ক : বিশ্বশান্তি রক্ষা ও প্রধান শক্তিধর দেশগুলোর মধ্যে কৌশলগত স্থিতিশীলতা জোরদার করতে বৈঠকে বসছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সপ্তাহে চীনের শেনজেনে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন তিন নেতা।
সোমবার (১৬ নভেম্বর) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এ তথ্য জানান। তিনি বলেন, তিন নেতা বিশ্বশান্তি রক্ষা এবং প্রধান শক্তিধর দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত স্থিতিশীলতা জোরদার করতে গভীর আলোচনা করবেন।
মাও নিং বলেন, এ বৈঠক যুগান্তকারী তাৎপর্য বহন করবে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে আগামী বৃহস্পতিবার এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ক্রেমলিন ও হোয়াইট হাউসও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, বৈঠকে পারমাণবিক অস্ত্রের মজুত কমানোর বিষয়টি তুলতে চান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের বিরুদ্ধে তাঁর যুদ্ধের বিষয়টিও আলোচনায় আনতে পারেন তিনি। তবে ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে আলোচনার সম্ভাবনা কম বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
এদিকে, ইউক্রেন যুদ্ধ নিয়ে ত্রিপক্ষীয় আলোচনায় ইউরোপের অংশগ্রহণের বিষয়টিও সামনে এসেছে। জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার জানিয়েছেন, সম্প্রতি এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হলে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বিরক্তি প্রকাশ করেন।

জার্মান সম্প্রচারমাধ্যম এআরডিকে দেওয়া সাক্ষাৎকারে স্টাইনমায়ার বলেন, সি স্পষ্টভাবে জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ ইউরোপের সংঘাত। তাই এ বিষয়ে আলোচনার টেবিলে ইউরোপীয়দেরও থাকতে হবে।
অন্যদিকে, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চীনের অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বেইজিং দীর্ঘদিন ধরে বলে আসছে, নিজেদের বিশাল পারমাণবিক অস্ত্রের মজুত কমাতে হবে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে। এরপরই কেবল নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার নিয়ে আলোচনায় বসতে রাজি হবে চীন।
বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতার এ বৈঠক আন্তর্জাতিক নিরাপত্তা, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং বৃহৎ শক্তিগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
ঢাকা/এসএস





















