ইবিটাইমস ডেস্ক : ড্রোন তৈরির একটি কারখানায় অগ্নিসংযোগের চেষ্টা নস্যাৎ করার পর রাশিয়ার সঙ্গে সব সীমান্তপথ বন্ধের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ এস্তোনিয়া। আগামী ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা। এ ঘটনার পেছনে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউর সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে তাল্লিন।
রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্গুস সাখনা জানান, জিআরইউয়ের নির্দেশে হামলার চেষ্টা চালানো হয়েছিল—এমন স্পষ্ট প্রমাণ পাওয়ার পর সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনায় এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে বৃহত্তর শত্রুতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে ঘটনাটিকে দেখছে এস্তোনিয়া।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তাল্লিনের উত্তরে ভিমসি এলাকায় দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান থ্রিওড সিস্টেমসে শনিবার রাতে নাশকতার চেষ্টা চালানো হয়।
এর আগে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টেন মিখাল জানান, প্রতিষ্ঠানটিতে অগ্নিসংযোগের নির্দেশ দিয়েছিল রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ। তবে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজনদের আটক করা হয়েছে।
এস্তোনিয়ার প্রধান কৌঁসুলি অ্যাস্ট্রিড আসি জানান, নিরাপত্তা বাহিনী লাটভিয়ায় বসবাসকারী আটজনকে গ্রেপ্তার করেছে।
সীমান্ত বন্ধের ঘোষণার বিষয়ে রাশিয়ার প্রতিক্রিয়াও এসেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বার্তা সংস্থা তাসকে বলেন, এস্তোনিয়া সত্যিই সব সীমান্তপথ বন্ধের পরিকল্পনা করছে কি না, তা মস্কো যাচাই করে দেখবে।
তিনি আরও বলেন, এটি যদি এস্তোনিয়ার প্রকৃত পরিকল্পনা হয়, তাহলে একে রাশিয়াবিরোধী আগ্রাসী ও লাগামহীন মনোভাবের আরেকটি বহিঃপ্রকাশ হিসেবে দেখা হবে।

এদিকে, এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিষয়টি ফিনল্যান্ড, লাটভিয়া ও লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীদেরও অবহিত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এস্তোনিয়ার নিরাপত্তা দুর্বল করা কিংবা দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো প্রচেষ্টার জবাব দেওয়া হবে।
বর্তমানে এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যে নারভা, লুহামা ও কোইদুলা—এই তিনটি সীমান্তপথ চালু রয়েছে। এসব পথ দিয়ে দুই দেশের মধ্যে মানুষ ও পণ্য চলাচল করে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া নারভা সীমান্ত দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিলেও পথচারীদের চলাচল অব্যাহত ছিল।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পরও রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চালু থাকা স্থলসীমান্তগুলোর মধ্যে এস্তোনিয়ার সীমান্তপথগুলো অন্যতম। ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য এস্তোনিয়ার এ সিদ্ধান্তে রাশিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঢাকা/এসএস





















