ইবিটাইমস ডেস্ক : যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ১৫৩ কোটি ৩৯ লাখ ১০ হাজার ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় বেড়েছে ১০ কোটি ৬১ লাখ ৭০ হাজার ডলার।
ইপিবির তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমেছিল। তবে পরবর্তী তিন মাসে রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি হয়েছে। আগস্টে ১০ দশমিক ৫৩ শতাংশ, সেপ্টেম্বরে ১১ দশমিক ৭১ শতাংশ এবং অক্টোবরে ১০ দশমিক ৭২ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে যুক্তরাজ্যের বাজারে পোশাক রপ্তানি থেকে মাসে গড়ে ৪১ কোটি ডলার আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে মাসিক গড় আয় ছিল ৩৮ কোটি ৩০ লাখ ডলার।
এ ছাড়া মাত্র চার মাসে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় গত ২০২৫-২৬ অর্থবছরের মোট রপ্তানি আয়ের ৩৭ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। ওই অর্থবছরে দেশটিতে মোট ৪৩৯ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ।
একক দেশ হিসেবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার ছিল যুক্তরাজ্য। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে দেশটি।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বাসসকে বলেন, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অন্যতম বড় সুবিধা হচ্ছে শুল্কমুক্ত প্রবেশাধিকার। দেশটির ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমের (ডিসিটিএস) আওতায় বাংলাদেশ বর্তমানে পূর্ণাঙ্গ শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে।
তিনি জানান, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর নির্ধারিত রূপান্তরকাল শেষে বাংলাদেশ ‘এনহ্যান্সড প্রেফারেন্সেস’ বা বর্ধিত অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধার আওতায় আসবে।

এ সুবিধার আওতায় আমদানি করা কাপড় ব্যবহার করে বাংলাদেশে তৈরি পোশাকও নির্ধারিত ‘সিঙ্গেল স্টেজ ট্রান্সফরমেশন’ বা এক ধাপের উৎপাদন প্রক্রিয়ার শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাবে। ফলে এলডিসি উত্তরণের পরও দেশটির বাজারে বাংলাদেশের পোশাকের প্রতিযোগিতামূলক সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে।
মহিউদ্দিন রুবেল মনে করেন, নতুন এ বাণিজ্য সুবিধা বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে, প্রচলিত সুতি পোশাকের পাশাপাশি উচ্চমূল্যের পোশাক এবং কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবারভিত্তিক পণ্যের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এর ফলে পোশাকের বহুমুখীকরণ, মূল্য সংযোজন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে। একই সঙ্গে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা/এসএস





















