শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) “কম্পিউটারের সাহায্যে নকশা প্রণয়ন ও সিমুলেশন: প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত সুযোগ ও শিল্পক্ষেত্রের চাহিদা” (CAD Modeling and Simulation: Skills, Careers and Industry Perspective) শীর্ষক এক বিশেষ কারিগরি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
যন্ত্রকৌশল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।
সেমিনারে মূল বিষয়ে বিস্তারিত তথ্যবহুল আলোচনা উপস্থাপন করেন রিসোর্স পারসন ও GaleoLab-এর প্রতিষ্ঠাতা, সিএফডি (CFD) ও এফইএ (FEA) সিমুলেশন প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন: অধ্যাপক ড. খাইরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC), অধ্যাপক ড. মো. আজিজুল হক, চেয়ারম্যান, এফটিএনএস (FTNS) বিভাগ, প্রকৌশলী আলাউদ্দিন, জুনিয়র এক্সিকিউটিভ (মোল্ড ও ডাই উৎপাদন বিভাগ), ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন তানভীর আহমেদ আবির। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থী মশিউর রহমান মারুফ।
ব্যবহারিক দক্ষতার ওপর জোর:
সেমিনারে বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান শিল্প বিপ্লবের যুগে শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। সিএডি (CAD) মডেলিং এবং আধুনিক সিমুলেশন প্রযুক্তিতে পারদর্শিতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশীয় ও আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিজেদের সুনির্দিষ্ট দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সক্ষম হবে।
উক্ত সেমিনারে যন্ত্রকৌশল ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ঢাকা/এসএস




















