জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নজরুল বর্ষ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। তার সাহিত্য, দর্শন ও জীবনাদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে সভায় সরকারি শাহবাজপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম মোল্লা এলটি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নজরুলের সাহিত্য ও জীবনদর্শনকে সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















