শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মজলুম ও সাধারণ মানুষকে স্বস্তি ও শান্তি দেওয়া এবং সবার বসবাসের উপযোগী একটি সমাজ ও রাষ্ট্র গঠনে আমরা কাজ করে যাচ্ছি। মওলানা ভাসানীর কর্মময় জীবন আমাদের জন্য অত্যন্ত প্রেরণাদায়ক।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিণীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পাটচাষিদের সরাসরি সুবিধা দেওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষকদের সরাসরি বীজ, সার ও কীটনাশক দেওয়া হচ্ছে। গত ১৭ বছর ধরে বন্ধ থাকা পাট ক্রয়কেন্দ্রগুলো পুনরায় চালুর চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে মধ্যস্বত্বভোগীরা দাদন দিয়ে বিভিন্নভাবে কৃষকদের কাছ থেকে পাটের ন্যায্য মূল্য কেড়ে নিতে না পারে। বর্তমানে পাটের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম শহিদুল ইসলামসহ অন্যরা।
ঢাকা/এসএস




















