ইবিটাইমস ডেস্ক : আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, গাজায় সন্তান জন্মদানের সুযোগ বাধাগ্রস্ত করছে ইসরাইলের বিভিন্ন কর্মকাণ্ড ও বিধিনিষেধ। দীর্ঘদিনের যুদ্ধ ও চিকিৎসাসংকটের কারণে ফিলিস্তিনি নারীদের প্রজননস্বাস্থ্য, গর্ভধারণ এবং সন্তান জন্মদানের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে সংস্থাটি। নারীর প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত গাজায় নারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর যুদ্ধের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে।
অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ইসরাইলের কর্মকাণ্ডের কারণে গাজায় বন্ধ্যাত্বের চিকিৎসা গ্রহণের সুযোগ বাধাগ্রস্ত হয়েছে। একই সঙ্গে গর্ভাবস্থায় জটিলতা, গর্ভপাত ও মৃত সন্তান প্রসবের ঘটনা বেড়েছে। এসব পরিস্থিতির পেছনে ইচ্ছাকৃত উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত অবস্থানে তারা নেই বলেও উল্লেখ করেছে।
অ্যামনেস্টির অভিযোগ, চিকিৎসাসামগ্রীর সংকট এবং মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধের কারণে গর্ভবতী নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর চিকিৎসা এবং গর্ভকালীন জটিলতা শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এমনকি প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করার প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর অভাবে অনেক নারী প্রাণ হারানোর ঝুঁকিতে পড়ছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের আগে গাজায় অন্তত নয়টি ক্লিনিকে কৃত্রিম উপায়ে সন্তান ধারণের চিকিৎসা বা আইভিএফ সেবা দেওয়া হতো। কিন্তু বর্তমানে এসব প্রতিষ্ঠানের কোনোটিতেই এ চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না। সংরক্ষণে থাকা হাজার হাজার ভ্রূণ, শুক্রাণু ও ডিম্বাণুও ধ্বংস হয়ে গেছে।
তবে অ্যামনেস্টির অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা কোগাট। তাদের দাবি, অ্যামনেস্টি হামাসের মিথ্যা বয়ানকে সমর্থন করছে। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ২৭ হাজার টনের বেশি চিকিৎসাসামগ্রী ও ওষুধ প্রবেশ করেছে। এ ছাড়া সেখানে ৩৫টি হাসপাতাল চালু রয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
এদিকে, অ্যামনেস্টির মহাসচিব আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য গণহত্যার অপরাধ তদন্তের বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তদন্তে লিঙ্গভিত্তিক অপরাধ ও প্রজননস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।
জাতিসংঘের গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশন অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের সন্তান জন্মদানের সক্ষমতা বন্ধ বা বাধাগ্রস্ত করার পদক্ষেপ গণহত্যার অপরাধের আওতায় পড়তে পারে।
ঢাকা/এসএস





















