বাঁধন রায়, ঝালকাঠি : শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ঝালকাঠিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরি, মণ্ডপ সাজসজ্জা ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা। অন্যদিকে, উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।
এ বছর ঝালকাঠি জেলায় ১৬০টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদ্যাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার কাজ। প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজেও ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। সব মিলিয়ে উৎসবকে বরণ করে নিতে প্রস্তুত আয়োজকেরা।

দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও পূজা উদ্যাপন পরিষদের সঙ্গে একাধিক মতবিনিময় সভা করেছে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এ বছর প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।
আগামী শুক্রবার সন্ধ্যার পর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এরপর ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে পূজার অন্যান্য ধর্মীয় আচার।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আনন্দ ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের প্রত্যাশা স্থানীয়দের।
ঢাকা/এসএস





















