শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন সানবাড়ি এলাকায় আদালতের রায়ে জমির মালিকানা সংক্রান্ত মামলায় ডিগ্রি পাওয়ার পরও জমির দখল ফিরে না পাওয়ার অভিযোগ করেছেন আনোয়ার হোসেন। তাঁর অভিযোগ, বেগম নামে এক নারী ভাড়াটে লোকজন নিয়ে তাঁর জমি জোরপূর্বক দখল করে নিয়েছেন।

আনোয়ার হোসেন জানান, সানবাড়ি এলাকার সুলতানের স্ত্রী বেগমের সঙ্গে তাঁর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সুলতানের মৃত্যুর পর এ বিরোধ আরও জটিল হয়। একপর্যায়ে জমি নিয়ে আদালতে মামলা করেন তিনি। ওই মামলায় আদালত থেকে ডিগ্রি পান আনোয়ার হোসেন।
তবে আদালতের রায় পাওয়ার পরও জমির দখল বুঝে পাননি বলে দাবি তাঁর। বরং কয়েক দিন আগে বেগম ভাড়াটে লোকজন নিয়ে এসে জোরপূর্বক জমিটি দখল করে নেন বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল ও চাষাবাদ করে আসছিলেন। কিন্তু কয়েক বছর ধরে বেগম তাঁর জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। সর্বশেষ দলবল নিয়ে এসে জমি দখলের ঘটনা ঘটেছে বলে তাঁর অভিযোগ।

এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য লাভলুর কাছেও অভিযোগ জানিয়েছেন আনোয়ার হোসেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
নিজের প্রাপ্য সম্পত্তির দখল ফিরে পেতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আনোয়ার হোসেন।
ঢাকা/এসএস




















