শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আছিয়া খাতুন (২০) নামের এক গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। তাঁর স্বামীর পরিবারের দাবি, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন আছিয়া। তবে তাঁর বাবার পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

রোববার দিবাগত রাতে উপজেলার ডুবাইল ইউনিয়নের পড়াইখালি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার সকালে শয়নকক্ষের খাটিয়া থেকে আছিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গড়াসিন গ্রামের খোরশেদ আলমের মেয়ে আছিয়া খাতুনের সঙ্গে প্রায় এক বছর আগে বিয়ে হয় একই উপজেলার ডুবাইল ইউনিয়নের পড়াইখালি গ্রামের শাজাহান মৃধার ছেলে আসিফ মৃধার। দুই পরিবারের সম্মতিতেই তাঁদের বিয়ে হয়েছিল।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঢাকা/এসএস




















