ইবিটাইমস ডেস্ক: শনিবার (২১ নভেম্বর) আনুষ্ঠানিকভাব সীমিত পরিসরে শুরু হলো বিএমসিএজি ডর্টমুন্ড কালচারাল সেন্টার ও উক্ত সেন্টারের অধীনে প্রতিষ্ঠিত আল-ফজর মসজিদের কার্যক্রম। এটা শুধুমাত্র একটি মুসলিম সেন্টার বা মসজিদের শুরু নয়, বরং প্রবাসে বেড়ে ওঠা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ, সুন্দর দ্বীনি পরিবেশ তৈরির প্রচেষ্টা।
কার্যক্রম শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমসিএজির কেন্দ্রীয় সভাপতি মো. শহীদুল্লাহ এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল-ফজর মসজিদ, ডর্টমুন্ড হবে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ইসলামিক পরিবেশ সৃষ্টির কেন্দ্রবিন্দু ও মুসলিম কমিউনিটির জন্য আমানতস্বরূপ। তিনি এই সেন্টারের কার্যক্রমের শুরুতে যারা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া সেন্টারাধীন মসজিদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য বিএমসিএজির সদস্যগণ এবং ডর্টমুন্ড কমিউনিটির সমন্বয়ে একটি সমন্বয়ক টিম ও উপদেষ্টা পর্ষদ ঘোষণা করেন। মসজিদ সমন্বয়ক টিমের কাজ মসজিদ পরিচালনা সংক্রান্ত দৈনন্দিন কাজ ও জুমার নামাজ বাস্তবায়ন, মাদ্রাসার কাজে সহযোগিতা হিসেবে উল্লেখ করা হয়। অর্থাৎ শুধু নামাজ নয়, শিশুদের কোরআন শিক্ষা, দ্বীনি পরিবেশ আর কমিউনিটির মিলনমেলা – সবকিছুর কেন্দ্র হতে চায় এই সেন্টার। উপর্যুক্ত সকল ধরনের টিম অ্যানাউন্সমেন্ট, কাজের পরিধি বিএমসিএজি যেকোনো সময় যোগ-বিয়োগ, পরিবর্তন-পরিবর্ধন করার অধিকার রাখে এবং প্রয়োজনানুসারে বাস্তবায়ন হতে পারে, এমনটিও বলেন মো. শহীদউল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন NRW ও ডর্টমুন্ডের কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল ইসলাম, মো. আব্দুল হালিম, নূর আলম, মো. করিম, শফিকুর রহমান, আসলাম হোসাইন, আমিনুল ইসলাম খান, মো. আনোয়ার হোসাইন, মুহাম্মদ আয়ুব ও হাফেজ জোবায়ের প্রমুখ। উপস্থিত ছিলেন বিএমসিএজির কেন্দ্রীয় অফিস সেক্রেটারি রবিউল হোসেন, কেন্দ্রীয় সমাজসেবা সেক্রেটারি ইঞ্জিনিয়ার তারেক হাসান, কেন্দ্রীয় দাওয়াহ সেক্রেটারি মাহবুব উল্লাহ মাসুম, আবু তাহের, মুহাম্মদ সুমন, শিমুল আহমেদ ও আনোয়ার হোসাইন প্রমুখ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএমসিএজির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সেক্রেটারি ও বিএমসিএজি সেন্টার,ডর্টমুন্ড-এর মুখপাত্র ইমরুল হাসান। অনুষ্ঠানে আগত সকল বাংলাদেশীরা উচ্ছাস প্রকাশ করেন এবং অনেকেই বলছিলেন, প্রবাসে মুসলমানদের নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতি ধারণ করে থাকতে হলে একটি সুশৃংখল ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত মুসলিম সেন্টার ও মসজিদ এর বিকল্প নেই। আর আজ থেকে ডর্টমুন্ডসহ NRW-এর বাংলাদেশিরা বিএমসিএজি সেন্টার ও আল-ফজর মসজিদ – সেই ঠিকানাটি পেয়ে গেলেন।





















