শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমানের নেতৃত্বে সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিসপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ভাসানী পরিবারের সদস্য, টাঙ্গাইল প্রেস ক্লাব এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও মাজারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকাল ৮টায় তবারক বিতরণ এবং বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে এর আগেও বেশ কয়েকটি কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৫ নভেম্বর মাওলানা ভাসানীর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে ‘মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের উদ্যোগে নির্মিত তাঁর জীবন ও কর্মভিত্তিক ২৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ ছাড়া স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয় সপ্তাহব্যাপী ভাসানী মেলা। এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক দর্শন, দেশপ্রেম এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
ঢাকা/এসএস





















