টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা লেগে মুরগিবাহি পিকআপের চালকসহ ৪ জন নিহত হয়েছে।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পিকআপের চালক জামালপুরের বকশীগঞ্জের আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), হেলপার নওগার পত্নীতলা এলাকার পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়ার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলার সেলিমের ছেলে সুমন (২৬)।
এ ঘটনায় আহত ব্যক্তি ট্রাকের লোক ছিলেন। তিনি হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর এলাকার আফসার আলী মণ্ডলের ছেলে জহিরুল ইসলাম (৪০)।
সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা চারজন নিহত হন। মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
























