স্টাফ রিপোর্টারঃ সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেয়ায় ইরানে ধর্ম অবমাননার অভিযোগ এনে ২৩ বছর বয়সী এক তরুণীকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। নাজমেহ আমিনি নামের এই তরুণী হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাকে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরের ভাকিলবাদ কারাগারে রাখা হয়েছে। বিপ্লবী আদালত ও ফৌজদারি আদালতে পৃথক দুটি মামলায় তাকে ১২ বছরের বেশি কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরানকে (এইচআরএআই) আমিনির পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘সাব-ওল-নবি’ বা মহানবীকে (সা.)-কে নিয়ে অবমাননার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ইরানের সাইবার পুলিশ অনলাইনে নজরদারি চালানোর পর তাকে গ্রেপ্তার করা হয়। তবে তার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে ঠিক কী লেখা ছিল, তা প্রকাশ্যে জানানো হয়নি।

দ্বিতীয় মামলায় জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে কর্মকাণ্ড এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোসহ বিভিন্ন অভিযোগে আমিনিকে ১২ বছর, ছয় মাস ও এক দিনের কারাদণ্ড দেয়া হয়। জানুয়ারিতে দেশজুড়ে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনী আমিনিকে গ্রেপ্তার করে। প্রাণঘাতী দমন-পীড়নের মাধ্যমে ওই বিক্ষোভ দমন করা হয়েছিল।
ইরানের ইসলামি দণ্ডবিধির ২৬২ অনুচ্ছেদ অনুযায়ী, মহানবী হযরত মুহাম্মদ (সা.) অথবা সম্মানিত শিয়া ধর্মীয় ব্যক্তিত্বদের অবমাননা করলে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবে ২৬৩ অনুচ্ছেদে বলা হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় বা ইচ্ছাকৃত উদ্দেশ্য ছাড়া কোনো বক্তব্য দেয়া হলে কিছু ক্ষেত্রে ছাড় পাওয়া যেতে পারে। যদিও নির্দিষ্ট পরিস্থিতিতে অপরাধীদের ৭৪টি পর্যন্ত বেত্রাঘাতের সাজা হতে পারে।
বিচারিক কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করা ইরানি সংবাদপত্র খোরাসানের প্রতিবেদন অনুযায়ী, আমিনি আদালতকে বলেছিলেন, বন্ধুদের সঙ্গে সাইকেডেলিক মাশরুম গ্রহণের পর বিভ্রমের মধ্যে তিনি ওই মন্তব্য করেছিলেন। তার আইনজীবীরাও যুক্তি দিয়েছিলেন, এটি ছিল ‘মুখ ফসকে বলা কথা’।
তবে আমিনির মৃত্যুদণ্ডের রায় এখনো চূড়ান্ত হয়নি। ইরানের সুপ্রিম কোর্টে আপিলের সুযোগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা বেড়েছে এবং গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ডের ঘটনও এখনো তুলনামূলকভাবে বিরল।
ইবিটাইমস/এস এস





















