জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য ১৯১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রমাগঞ্জ তোফায়েলিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মোহাম্মদ হোসেন।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের লালমোহন উপজেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. মোশাররফ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল অঞ্চল সমন্বয় কমিটির সদস্য সচিব এবং ভোলা দারুল হাদিস কামিল (স্নাতকোত্তর) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখার সভাপতি ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা শাখার সহসভাপতি ও দিদারুল্লাহ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছামাদ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, অবসরের বয়সসীমা ৬৫ বছরে উন্নীত করা, বদলি প্রক্রিয়ার যথাযথ বাস্তবায়ন, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা এবং মাদরাসা শিক্ষকদের বিদ্যমান বৈষম্য দূর করা এখন সময়ের দাবি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা নানা বঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর সরকারি উদ্যোগ প্রয়োজন।
পরে তিনি আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের লালমোহন উপজেলা শাখার ১৯১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন ও ঘোষণা করেন।
সম্মেলনে উপজেলার বিভিন্ন মাদরাসার প্রধান, সহকারী প্রধান, প্রভাষক, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় মৃত্যুবরণকারী মাদরাসা শিক্ষক-কর্মচারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।
ঢাকা/এসএস





















