শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সদর উপজেলায় ছুরমান রেজা (৪০) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুণ এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ছুরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।
নিহতের খালাতো ভাই মাসুদ জানান, ছুরমান খুব ভালো মানুষ ছিলেন। একসময় তিনি ইউপি সদস্য নির্বাচিত হন। পরে বিদেশে ছিলেন। দেশে ফিরে স্যানিটারি ব্যবসার সঙ্গে যুক্ত হন। বর্তমানে ঠিকাদারি কাজ করতেন।
তিনি বলেন, ছুরমানের কোনো খারাপ কাজ বা খারাপ সঙ্গ ছিল বলে তাদের জানা নেই। হঠাৎ তার হত্যার খবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের ভাই হালিম রেজা বলেন, ব্যবসার পাশাপাশি ছুরমান একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তারা বুঝতে পারছেন না। সঠিক তদন্তের মাধ্যমে হত্যার রহস্য উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তদন্তের পর হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















