শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : উৎপাদিত দইয়ের মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন, খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে টাঙ্গাইলে গোপাল মিষ্টান্ন ভাণ্ডারসহ তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৭ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পাঁচআনি বাজার ও বড় কালীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে পাঁচআনি বাজারের গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে উৎপাদিত দইয়ের মেয়াদোত্তীর্ণের তারিখ পরিবর্তন এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই ও মিষ্টান্ন উৎপাদনের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া বড় কালীবাড়ি রোডের শ্রীকৃষ্ণ নিরামিষ ভোজনালয়কে খাদ্যে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও বাসি খাবার সংরক্ষণের দায়ে ২০ হাজার টাকা এবং আদি ইন্দুতি দই ঘরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বাজার কমিটির কর্মকর্তাদের পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস




















