বর্ষা আহমেদ বৃষ্টি : রাজধানীর মহাখালী বাস টার্মিনালের পাশে দাঁড়িয়ে থাকা ‘প্রাইম’ পরিবহনের একটি এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, প্রায় ১৪ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি শেরপুর থেকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছানোর পর দাঁড়িয়ে থাকা অবস্থায় এসি থেকে আগুনের সূত্রপাত হয়। বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।
ঢাকা/এসএস




















