স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস, পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার জামুর্কী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার মোটরসাইকেলের আরোহী আসিফ (১৮) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুল রহিম (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি সামনে থাকা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষে জড়ায়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হন। তবে মোটরসাইকেলের আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ঢাকা/এসএস





















