জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা রাশেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া, পল্লি উন্নয়ন কর্মকর্তা রীমা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী চলমান অভিযান লালমোহন উপজেলায় কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পুরো উপজেলাকে কয়েকটি এলাকায় ভাগ করে পাঁচজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে।
নির্ধারিত ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের নেতৃত্বে পুরো উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। আগামী শনিবার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।
পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বাজারসহ যেসব এলাকায় ডেঙ্গুবাহী মশার প্রজনন ও উপদ্রব বেশি, সেসব স্থান নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে।
এ ছাড়া পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















