জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন পৌর শহরে চলাচলের রাস্তার ওপর ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে মিজান স্টোরের মালিককে এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পৌর শহরের চৌরাস্তার মোড়ের পশ্চিম পাশে ডাকবাংলো সড়কে এ অভিযান পরিচালনা করেন লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক। অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল সহায়তা করে।

অভিযান সূত্রে জানা যায়, ডাকবাংলো ব্রিজসংলগ্ন এলাকার মূল সড়কে দোকানের সামনে বিপজ্জনকভাবে পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার স্তূপ করে রাখা হয়েছিল। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল।
এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানটির মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক জানান, জনস্বার্থ রক্ষা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/এসএস





















