জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হয়েছে। কন্যাশিশুর শিক্ষা, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অনুষ্ঠানের বক্তারা।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের সুশিক্ষা, নিরাপত্তা, সুস্বাস্থ্য ও অধিকার নিশ্চিত করা সবার দায়িত্ব। কন্যাশিশুরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে, সে জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কন্যাশিশুদের বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা জরুরি। তাদের প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া এবং ভবিষ্যতের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া ও পল্লী উন্নয়ন কর্মকর্তা রিমা আক্তার।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়।
কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরণ এবং তাদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দিবসটি পালিত হয়।
ঢাকা/এসএস





















