স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকায় ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, ম্যানেজার সুমনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে সমুদ্রসৈকতসংলগ্ন কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে এরই মধ্যে আগুনে পুড়ে ১০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হন।
অগ্নিকাণ্ডের পর ঢাকায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানান, ‘টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের’ কোনো ফায়ার সেফটি লাইসেন্স ছিল না। এ বিষয়ে আগে সতর্ক করা হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধ অনুমতি ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেনি।
অন্যদিকে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন জানান, রিসোর্টটি নির্মাণে কউকের কোনো নকশা অনুমোদন বা নির্মাণের অনুমতি নেওয়া হয়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির পাশাপাশি রিসোর্টটির নিরাপত্তাব্যবস্থা ও অনুমোদন নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
ঢাকা/এসএস






















