মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের রাখী গ্রামের পাকা রাস্তার পাশের একটি ধানের জমি থেকে আহম্মদ আলী সুজন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে কয়েকজন শ্রমিক ধান কাটতে যাওয়ার সময় জমিতে সুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা চুনারুঘাট থানায় খবর দিলে এসআই গিয়াস উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত সুজন একই উপজেলার গাজীপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। তিনি রাখী গ্রামের রশিদ মিয়ার মেয়ের জামাই ছিলেন। বিয়ের পর তিনি ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সুজনের শরীরের বিভিন্ন স্থানে একাধিক রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে সুজন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় হত্যা মামলা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/ইবিটাইমস/এসএস




















