শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : বিয়ের আনন্দ-উচ্ছ্বাস মুহূর্তেই পরিণত হলো কান্নায়। নতুন জীবন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বাসর ঘরে আকস্মিক মৃত্যু হয়েছে আয়নাল হক (৩৮) নামে এক ব্যক্তির। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বেলুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আয়নাল হক বেলুয়া গ্রামের মৃত দানেশ আলীর ছেলে। তিনি টাঙ্গাইল জেলা শহরে ভাড়া বাসায় থেকে সিএনজিচালিত অটোরিকশা চালানোর পাশাপাশি ছোটখাটো ব্যবসা করতেন। হেমনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আয়নাল হকের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত জুলাই মাসে তার প্রথম স্ত্রী দুই সন্তানকে রেখে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে আয়নালের এক বন্ধুর সঙ্গে চলে যান বলে পরিবার সূত্রে জানা গেছে। এরপর দুই সন্তানকে লালন-পালন নিয়ে মানসিক চাপ ও হতাশায় ছিলেন আয়নাল।

পরে স্বজন ও প্রতিবেশীদের অনুরোধে সন্তানদের দেখাশোনা এবং নতুন করে সংসার গড়ার উদ্দেশ্যে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। বুধবার রাতে পাশের খামারপাড়া গ্রামের আ. বারীর মেয়ে রুবিনা খাতুন (২০)-এর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে নতুন স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরেন আয়নাল।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে বাসর ঘরে থাকা অবস্থায় হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন আয়নাল হক। তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই স্বামীর মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন নবপরিণীতা রুবিনা খাতুন। এ ঘটনায় বেলুয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পেরেছেন। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে এটি স্বাভাবিক বা হৃদরোগজনিত মৃত্যু হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
ঢাকা/এসএস




















