জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় আটক এক জেলেকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ২০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত জেলের নাম মো. হানিফ (২২)। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জামাল চৌকিদারের ছেলে।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, ইলিশ সম্পদ রক্ষায় রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীতে মাছ ধরার অভিযোগে হানিফকে আটক করা হয়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১৪ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান চলাকালে নদী থেকে দুই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা মাছ স্থানীয় এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।
তিনি আরও বলেন, মা ইলিশের প্রজনন ও ইলিশ সম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসন ও মৎস্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ ধরা বন্ধ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মা ইলিশ সংরক্ষণে চলমান এ অভিযানের মাধ্যমে নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং ইলিশের প্রজনন সুরক্ষায় নজরদারি অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা/এসএস


















