শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া আইসক্রিম তৈরি ও ক্ষতিকর কেমিক্যাল রঙ ব্যবহারের অভিযোগে ‘নূপুর আইসক্রিম ফ্যাক্টরি’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার ওই আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। পরিদর্শনের সময় কারখানাটিতে আইসক্রিম তৈরিতে ক্ষতিকর কেমিক্যাল রঙ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে সিএম লাইসেন্স না নিয়েই আইসক্রিম তৈরি ও বিক্রি করা হচ্ছিল। একই সঙ্গে পণ্যের প্যাকেটে অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের বিষয়টিও ধরা পড়ে।
এসব অপরাধের প্রেক্ষিতে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুযায়ী নূপুর আইসক্রিম ফ্যাক্টরিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/এসএস


















