শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হলো পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও আত্মনির্ভরশীলতা। তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র সমবায় সমিতি গড়ে তুলে সাধারণ মানুষকে সংগঠিত ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে।
রোববার (৮ নভেম্বর) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সমবায়ীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের হাতে ঋণের চেক তুলে দেন প্রতিমন্ত্রী। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত সমবায় পণ্য মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। এ সময় বিভিন্ন সমবায়ী সংগঠনের তৈরি নান্দনিক পণ্য ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করেন।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মো. ইফতেখার হোসাইন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ সমবায়ী নেতৃবৃন্দ।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার সমবায়ী নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএস





















