ইবিটাইমস ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে দিল্লিতে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আটক ব্যক্তিদের শহরের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী আটককেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, দলটির নেতা নেহা বোরা এবং ইউটিউবার ধ্রুব রাঠি রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, মানিক সরকার ও পিনারাই বিজয়নও আটক হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে তাঁদের আটকের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও কয়েকটি বামপন্থী সংগঠন। তবে কর্মসূচিটির অনুমতি দেয়নি পুলিশ।
বিক্ষোভ ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা ও আটকের ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ঢাকা/এসএস





















