শফিকুজ্জামান খান মোস্তফা, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আজিজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত আজিজুল ইসলাম বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আজিজুল ইসলাম ধলীগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুন্ডের হাওলা পাটওয়ারির হাট এলাকার সর্দার বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবদুল মন্নান।
আহত আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, একই ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব আলম (৩২) ও কামাল হোসেন (৪০), উভয়ের পিতা মো. ইয়াসিন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করা হলে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। তাঁর হাতে গুরুতর ক্ষত সৃষ্টি হওয়ায় কয়েকটি সেলাই দিতে হয়েছে বলেও জানান তিনি।
আজিজুল ইসলামের দাবি, তাঁর ক্রয়কৃত ও দলিলভুক্ত জমিতে প্রতিপক্ষরা জোরপূর্বক ধান রোপণ করে দখলের চেষ্টা করছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্তরা কোনো ফয়সালা মানছেন না। বিষয়টি নিয়ে তিনি উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের কাছে অভিযোগ করেন। এরপর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালান বলে দাবি করেন তিনি।
হামলার একপর্যায়ে আজিজুল ইসলাম রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাঁকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সুস্থ হওয়ার পর এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আজিজুল ইসলাম।
এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















