শেখ ইমন, ঝিনাইদহ: একসময় নীরবতা, অবহেলা আর অযত্নে ঢাকা ছিল বাড়িটি। এখন সেখানে চলছে উৎসবের প্রস্তুতি। কোথাও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ, কোথাও তৈরি হচ্ছে মঞ্চ। সাজানো হচ্ছে কবি গোলাম মোস্তফার স্মৃতিবিজড়িত আঙিনা। তাঁকে ঘিরে এ আয়োজনে পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের আবহ।

বাংলা সাহিত্যের অন্যতম কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে বসছে তিন দিনব্যাপী উৎসব। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা কবির স্মৃতিবিজড়িত বাড়িকে ঘিরে এবার নতুন করে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য।

উৎসব উপলক্ষে বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। চলছে মঞ্চ নির্মাণের কাজ। অতিথিদের বরণ এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও এগিয়ে চলছে। তিন দিনের মেলায় থাকবে বিভিন্ন পণ্যের দোকানসহ নানা আয়োজন।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। উৎসবের তিন দিনজুড়ে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকবে। সব মিলিয়ে কবির স্মৃতির আঙিনা হয়ে উঠবে সংস্কৃতিপ্রেমী মানুষের মিলনমেলা।
আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর কবির বাড়িতে বড় পরিসরে অনুষ্ঠান হওয়ায় আনন্দিত গ্রামবাসী। তাঁদের প্রত্যাশা, এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে কবি গোলাম মোস্তফার সাহিত্যকর্ম ও অবদান আরও বেশি করে তুলে ধরা সম্ভব হবে।
স্থানীয় বাসিন্দা সিজার জিকরুল বলেন, “কবি গোলাম মোস্তফা আমাদের এলাকার গর্ব। তাঁর মতো একজন গুণী মানুষের জন্ম ও স্মৃতিবিজড়িত বাড়ি নিয়ে আমাদের অনেক প্রত্যাশা। আমরা চাই, এই অনুষ্ঠান শুধু তিন দিনের উৎসবে সীমাবদ্ধ না থেকে কবির স্মৃতি সংরক্ষণ ও সাহিত্যচর্চার নতুন পথ তৈরি করুক।”
স্থানীয় বাসিন্দা রমিস বলেন, “কবির বাড়িতে এমন আয়োজন হওয়ায় পুরো গ্রামের মানুষ আনন্দিত। তিন দিন ধরে মেলা, গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে আশপাশের এলাকার মানুষও আসবে। আমাদের প্রত্যাশা, প্রতিবছর এভাবে অনুষ্ঠান আয়োজন করা হবে এবং কবির বাড়িটি যথাযথভাবে সংরক্ষণ করা হবে।”
ঢাকা/এসএস





















