শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় মিথ্যা মামলা, হয়রানি, বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা। এ সময় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের জানমাল ও বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার ১১ নম্বর আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর বাজারে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিষিদ্ধ ঘোষিত ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্যাডার হিসেবে ব্যানারে উল্লেখ করা ইসলাম শামীম ওরফে ডাগা শামীম ওরফে পিন্টুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
তাদের অভিযোগ, হাট ফাজিলপুর গ্রামের নিরীহ আদিবাসী সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, বাড়িঘর ভাঙচুর ও জমি দখলসহ বিভিন্ন ধরনের অত্যাচার করা হচ্ছে। এসব ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

মানববন্ধনে ভুক্তভোগীরা এসব হয়রানি ও নির্যাতন থেকে মুক্তি চান। পাশাপাশি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
অংশগ্রহণকারীরা বলেন, তারা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান। কোনো ধরনের ভয়ভীতি ও হয়রানি ছাড়াই নিজেদের বাড়িঘর ও জমিজমা নিয়ে নিরাপদে থাকতে চান।
এ সময় এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে অংশ নেওয়া আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষরা।
ঢাকা/এসএস





















