জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ভুয়া সরকারি আদেশ তৈরির মাধ্যমে ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে ফেলার চেষ্টার অভিযোগ উঠেছে। ২০১৮ সালে নির্মিত ভবনটিকে জরাজীর্ণ ও পরিত্যক্ত দেখিয়ে সরকারি সম্পদ ভেঙে নেওয়ার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কথিত ভুয়া আদেশে ভবন ভাঙার টেন্ডারের গ্রহীতা ও ঠিকাদার হিসেবে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের নাম উল্লেখ রয়েছে।
জানা গেছে, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেসকারহাট এলাকায় অবস্থিত ১৭৩ নম্বর পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ভাঙার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেকের স্বাক্ষর জাল করে একটি আদেশ তৈরি করা হয়। গত ২২ জুন ২০২৬ তারিখে তৈরি ওই আদেশে স্মারক নম্বর উল্লেখ করা হয়েছে ৭৩৬।

স্থানীয় রায়হান, জলিল ও আবুল হোসেনসহ কয়েকজন জানান, কয়েক দিন আগে লিটন নামের এক ব্যক্তি বিদ্যালয়ের ভবনটি ভেঙে নিয়ে যেতে আসেন। এ সময় এলাকাবাসীর বাধার মুখে তিনি ফিরে যেতে বাধ্য হন। লিটন এলাকাবাসীকে জানান, সরকারি নিয়ম অনুযায়ী ভবনটি ভাঙার টেন্ডার হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ভবনটি ভাঙার জন্য সরকারি টেন্ডার হয়েছে বলে জানিয়েছেন। এ ঘটনায় গত ২২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভবনটি না ভাঙার দাবিতে লিখিত অভিযোগ দেন বিদ্যালয়ের দাতা সদস্যরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, গত ২৬ ফেব্রুয়ারি শিক্ষা কর্মকর্তার নির্দেশে ভবনটিকে পরিত্যক্ত দেখিয়ে তিনি একটি রেজুলেশন দিয়েছিলেন। এরপর এ বিষয়ে কী হয়েছে, তা তাঁর জানা নেই।
অন্যদিকে, কথিত আদেশে ঠিকাদার হিসেবে নাম থাকা ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, তাঁর নামে ভবন ভাঙার যে আদেশ তৈরি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।
লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইন্দ্রজিৎ চন্দ্র দেবনাথ বলেন, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। তবে ইউএনও কার্যালয় থেকে বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট ফাইল তলব করা হয়েছে। পরে তিনি ফাইলটি ইউএনও কার্যালয়ে জমা দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক জানান, বিষয়টি জানার পর তদন্ত করে দেখা গেছে, এ ধরনের কোনো আদেশ দেওয়া হয়নি। সরকারি পরিত্যক্ত ভবনসংক্রান্ত উপজেলা কমিটিও এমন কোনো আদেশ দেয়নি। তাঁর স্বাক্ষর স্ক্যান করে ব্যবহার করে ভুয়া আদেশ তৈরি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি অর্থে নির্মিত বিদ্যালয় ভবন ভাঙার চেষ্টার অভিযোগ এবং সরকারি কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
ঢাকা/এসএস





















