শহিদুল ইসলাম জামাল, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে একটি সুপারি বাগান থেকে সেলিম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমাতে যান সেলিম। পরদিন রোববার স্থানীয় এক ব্যক্তি মফিজের সুপারি বাগানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে স্বজনদের জানানো হলে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক জানান, ঘটনাস্থল থেকে সেলিমের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঢাকা/এসএস




















