শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অগ্রগামী ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার উদ্যোগে বিনামূল্যে তিন দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও অসহায় ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) টাঙ্গাইল জেলা শহরের মেইন রোডে সংস্থাটির জেলা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘মানুষের কল্যাণে মানুষ’ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, টাঙ্গাইলের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মো. নুরুল ইসলাম, ড. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সংস্থার উপদেষ্টা কমিটির সদস্য ও নব আলোর নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সহসভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. রাশেদ খান মেনন, সাংগঠনিক সম্পাদক খন্দকার নুরুন্নাহার ঝিলু, সদস্য শিওলী, সদস্য রফিক হাসান এবং বিশিষ্ট সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুসহ সংস্থার অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পাশাপাশি চলাচলে অক্ষম ব্যক্তিদের স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, নারীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তোলার পাশাপাশি অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
ঢাকা/এসএস




















