ইবিটাইমস ডেস্ক : তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করতে সব পক্ষ একমত হয়েছে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
বুধবার (৪ নভেম্বর) তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে গঠিত নতুন নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান।
তিনি বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।

এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ বোর্ড গঠনের ঘোষণা দেন।
প্রাথমিকভাবে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে। তবে বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বোর্ডের অন্য সদস্যদের মধ্যে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামছুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
বোর্ডের সুপারিশের ভিত্তিতে সরকার পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা ও গেজেট প্রকাশ করবে।
ঢাকা/এসএস




















