শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ডের প্রকৃত উপকারভোগীরা যাতে সরকারি এ সুবিধা পান, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ কার্ড পৌঁছে দেওয়া হবে, যাতে যোগ্য কেউ বাদ না পড়েন।
বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ফ্যামিলি কার্ড বিতরণ ছিল নির্বাচনী প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। বিএনপি যা বলে, তা করে দেখায়। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি দিই না। নারীদের সংসারের খরচ মেটাতে সহায়তা করার লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগী পরিবার চিহ্নিত করা হবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তথ্যসংগ্রহ থেকে শুরু করে উপকারভোগী নির্বাচন পর্যন্ত কোনো ধরনের অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত সুবিধাভোগীদের অধিকার নিশ্চিত করতে সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের সুবিধা যেন প্রকৃত প্রয়োজন রয়েছে এমন পরিবারগুলোর কাছে পৌঁছায়, সে জন্য তথ্য যাচাই-বাছাইয়ের কাজ যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক নজর রাখা হবে। পাশাপাশি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় প্রশাসন কাজ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক সানু এবং জেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সম্ভাব্য উপকারভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও যাচাই করা হবে। এর মাধ্যমে যোগ্য পরিবার নির্বাচন এবং সরকারি সহায়তা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকা/এসএস





















