চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনে তীব্র ঘূর্ণিঝড়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে বেচু মাঝি (৬৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার দক্ষিণ আইচা থানার চরপাতিলা বয়ার চর সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করে রাত ১০টার দিকে বাড়িতে নেওয়া হয়। নিহত বেচু মাঝি চর মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ফারুকী গ্রামের বাসিন্দা এবং মৃত মজিবল হকের ছেলে। তিনি চার ছেলে ও পাঁচ মেয়ের জনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বেচু মাঝি তাঁর দুই ছেলে শাহীন (১২) ও সাকিল (১৪)-কে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে চরপাতিলা এলাকায় যান। শুক্রবার বিকেলে মাছ ধরার সময় হঠাৎ প্রবল ঘূর্ণিঝড় শুরু হলে তাদের ট্রলারটি উল্টে যায়। এ সময় বেচু মাঝি পানিতে ডুবে নিখোঁজ হন এবং আর ভেসে উঠতে পারেননি। তবে তাঁর দুই ছেলে শাহীন ও সাকিল ভাসমান প্লাস্টিকের সাহায্যে কোনোভাবে পানিতে ভেসে থেকে প্রাণে রক্ষা পায়। কিছুক্ষণ পর বেচু মাঝির মরদেহ ভেসে উঠলে দুই ছেলে সেটি তীরে নিয়ে আসে।স্থানীয়দের সহায়তায় রাত প্রায় ১০টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছানো হয়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। আসন্ন ঈদকে ঘিরে যেখানে আনন্দের প্রস্তুতি চলছিল, সেখানে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। স্থানীয়রা জানিয়েছেন, পরিবারের পাশে দাঁড়াতে সহায়তার প্রয়োজন রয়েছে।
শহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস/এম আর





















