ইবিটাইমস ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের গুরুত্বপূর্ণ সম্মেলন। বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক উত্তেজনাসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন বিশ্বনেতারা। সম্মেলনের শেষ পর্যায়ে মঙ্গলবার ম্যানিলায় পৌঁছানোর কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এ সফরে ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গে কোয়াডের একটি পার্শ্ববৈঠক হওয়ার কথা রয়েছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এই প্রথম কোয়াডভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এর কয়েক দিন পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে সম্মেলনে অংশ নিচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। পাশাপাশি ফিলিপাইনের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। সম্মেলন ঘিরে মেট্রো ম্যানিলার বিভিন্ন এলাকায় প্রায় ২০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের সফরকে কেন্দ্র করে বিক্ষোভের প্রস্তুতিও নিচ্ছে দেশটির বিভিন্ন প্রগতিশীল সংগঠন।
সম্মেলনে আলোচনার অন্যতম বিষয় মিয়ানমার সংকট। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটির প্রতিনিধিদের আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণ সীমিত রাখা হয়েছে। তবে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে অবস্থান নিয়েছে প্রতিবেশী থাইল্যান্ড। অন্যদিকে ফিলিপাইন জানিয়েছে, মিয়ানমার ইস্যুতে আসিয়ানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ফিলিপাইনের বিরোধও এবারের সম্মেলনে গুরুত্ব পাবে। দীর্ঘদিনের বিরোধ নিরসনে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে চীনের একটি আচরণবিধি চূড়ান্ত করার আলোচনা চলছে। তবে সম্মেলনে এটি স্বাক্ষর হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা। ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে।
এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে ছড়িয়ে পড়া ধোঁয়াশা এবং ইরান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি ভাগাভাগির বিষয়েও আলোচনা হচ্ছে।
সব মিলিয়ে চীন-যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতা, মিয়ানমার সংকট, দক্ষিণ চীন সাগরের বিরোধ এবং জ্বালানি নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে এবারের আসিয়ান সম্মেলন আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে।
ঢাকা/এসএস





















